কাল পরীক্ষা…
পড়ায় মন বসতে চাইছে না একদম
চোখের সামনে কদাকার সব সমীকরন
যেন জীবনের চেয়েও জটিল সবকিছু !!
কিছুতেই মাথায় ঢুকছে না,
মাথার ভিতরে শুরু হয়েছে অবাধ্য শব্দের ছুটোছুটি…
অসহায়ের মতো ওদের বলি-
আমার সময় নেই
কাল পরীক্ষা…
আমায় আজকের মতো মুক্তি দাও,
আরেকদিন এসো…
ওরা হেসে উঠে,
সক্রেটিসের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলে-
সারাটা জীবনইতো একটা পরীক্ষা…
আজ এসেছি…
আর কখন আসবো ঠিক আছে?’
ওদের দার্শনিক উক্তির কাছে আমায় হার মানতে হয়;
আমার হাত দুটিও ওদের মতো অবাধ্য হয় একসময়
কি-বোর্ডের বুকে দশটি আঙ্গুলের ক্লান্তিহীন ছুটোছুটিতেও হার মানতে চায় না,
বরং আরও ক্ষেপে উঠে
আমার ধূমপানের বিন্দুমাত্র অভ্যাস নেই,
মগের পর মগ কফির কাছেও ওরা হার মানে না
আমি হাল ছেড়ে দেই…
একসময় চোখ পড়ে ধূলো পড়া বহুদিনের পুরনো বেহালাটা,
আমার স্পর্শে কিছু কর্কশ সা-রে-গা-মা ছাড়া আর কিছু বের হয়নি ওতে কোন কালেও
তবু টিউনবিহীন বেহালাটা হাতে তুলে নেই,
যেন আমার স্পর্শের প্রতিবাদে বেহালাটা
চেঁচিয়ে উঠে, নাকি কেঁদে উঠে কে জানে?
তবে এবার কাজ হয়,
অবাধ্য শব্দগুলো এক নিমিষেই ছুটে পালায়
আমার চোখ জুড়েও ঘুম আসে
মনে হয় যেন কতকাল ঘুমাইনি …
০৩.০৪.০৭