সকালে উঠেই মনে হলো সমস্ত পৃথিবী টলছে…। এবার এক বন্ধুর মামার রক্তর প্রয়োজন ছিল, তাই চার মাসের আগেই ব্লাড দিয়ে ফেলেছি। ফলাফল লো ব্লাড প্রেসার। কোন রকমে উঠে মুখ হাত ধুয়ে পিসিতে সিডর এর সর্বশেষ খবর জানতে ক্লিক করলাম। সচলায়তনে মোর্শেদ ভাইয়ের ব্লগ পড়ে জানলাম সুনামগঞ্জের কবি এবং পৌর চেয়ারম্যান মমিনুল মউজউদ্দিন সড়ক দূর্ঘটনায় প্রান হারিয়েছেন। নষ্ট রাজনীতিবিদদের ভিড়ে একজন কবি পৌর চেয়ারম্যান হবার ঘটনা আর কোথাও শুনিনি। শুনেছি পূর্ণিমার রাতে সুনামগঞ্জ শহরের সব ল্যাম্পপোস্টের আলো নিভিয়ে দেয়া হতো যেন সবাই জোছনা উপভোগ করতে পারেন। পত্রিকায় সংবাদটি পড়তে গিয়ে তার কবিতার কিছু লাইন পেলাম-

এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়

যেদিকে তাকাই দেখি সারাটি ভুবনময়

আলো আর মৃত্তিকার বুকের ভিতর

তোমার দু’চোখ

সুরভিত শস্যময় সজল দু’চোখ।

মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। পরশু পরীক্ষা … চোথা হাতে নিলাম। এদিকে মাথার ঘূর্ণন আরোও বাড়ছে। শেষ পর্যন্ত আবার ঘুম দিলাম। জেগে দেখি বারোটা। ডাইনিং সারলাম কোন রকমে। আবার বিডি নিউজ, প্রথম আলোতে ক্লিক করলাম…কোন আপডেট নেই । বিবিসিতে কিছুটা আপডেট পাওয়া গেল…সর্বশেষ প্রান হারিয়েছেন ২৪০ জন।

বিকালে আরোও কিছু বাজে সংবাদ শুনলাম। সারা ঢাকা শহরে বিদ্যুত নেই, আমাদের বুয়েট ছাড়া। তবু আমার এ শহর ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছে…কিন্তু…

এ শহর ছেড়ে আমি পালাবো কোথায়?

* মমিনুল মউজদীন মরমী কবি দেওয়ান হাসান রাজার প্রপৌত্র