চারপাশে আজ দিন বদল,

তোমার শুধু রাত।
এক নাম থেকে অন্য নাম
এক হাত থেকে অন্য হাত
বদলের খেলায় ক্লান্ত তুমি খুব
তবু ঘুম নেই চোখে,
জেগে না থাকলে
তোমার ঐ বস্তির খুপরি ঘরটাতে
কাল সূর্য দেবতা এক টুকরো আলো জ্বালবে না,
ঈশ্বরেরা তোমার ঠোঁট ভিজিয়ে দেবে না এক ফোঁটা চরণামৃতে।
তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো?
কেন? কিসের লজ্জায়?
মরচে পড়া ঈশ্বরের মূর্তিরা নির্লজ্জের মতো চারপাশে
মাথা উঁচু করে হাসছে ,
তবে তুমি কেন মাথা নত করে থাকবে?
নাইবা পেলে মৃত্তিকার বুকে শেষ ঠাঁই,
কি এসে যায় তাতে?
একটি বার চেয়ে দেখ,
তারা ভরা রাতের আকাশটাকে,
নাহয় চোখে চোখ রেখে কেউ ভালোবাসার কথা বলবে না আজ,
দেবে না হাতে হাত রেখে একটু শীতল স্পর্শ
তবু অন্তত একটি বার চেয়ে দেখ আকাশটাকে …শুধু একটি বার…
তারপর মুখোশ পড়া এইসব সভ্য ঈশ্বরদের মুখে
একদলা ঘৃণা ভর্তি থুথু ছিটিয়ে
চলে যেও গন্তব্যের খোঁজে।

[১৪.০৪.০৭]