বিজ্ঞানী.org | বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক সাইট
শুরুর কথা
“বাংলায় প্রযুক্তিকে জানুন ও বুঝুন। প্রযুক্তি গ্রহণে দেরী করলে দেশ পিছিয়ে যাবে।” … প্রযুক্তির বিশ্বে আমাদের এগিয়ে যাওয়ার সময় এখনই। আর আমাদের এগিয়ে যাওয়ার প্রধান মাধ্যম হবে আমাদের মায়ের ভাষা বাংলা। কারন, প্রযুক্তির কোন কিছু বোঝা বা জানার জন্য মাতৃভাষার চেয়ে সহজ কোন মাধ্যম আর হতে পারে না। এরকম একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালী বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও পেশাজীবিদের সোস্যাল নেটওয়ার্ক বিজ্ঞানী.org । বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় এই সাইটটি একটি অনন্য মাইলফলক। ইতোমধ্যেই এই সাইটটি দেশ বিদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অজর্ন করতে সক্ষম হয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
বিজ্ঞানী.org –এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হলো-
-বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির উপর প্রবন্ধ ও সাক্ষাতকার প্রকাশ করা।
-মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি-কে বহুমূখী মাধ্যমে জনপ্রিয়করণ।
-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রবন্ধগুলি আর্কাইভ করা
-বিজ্ঞানমুখী শিক্ষা ও প্রযুক্তি প্রসারের জন্য একটি সৃজনশীল পরিবেশ তৈরী করা।
পেছনের গল্প
সব ভালো কাজের পেছনেই একটা গল্প থাকে…থাকে কিছু মানুষের স্বপ্ন। বিজ্ঞানী.org -এর পেছনেও তেমনি এক গল্প আছে। সেই গল্প শুনুন এর অন্যতম প্রতিষ্ঠাতা ড.মশিউর রহমানের মুখেই,‘‘প্রবাসে এসে অনেক বাংলাদেশী বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ও পেশাজীবির সাথে পরিচয় হবার সুযোগ এল। তখন আবিষ্কার করলাম ইনাদের রয়েছে চমৎকার জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা, যেগুলি বাংলাদেশে থাকা বিজ্ঞানী, প্রযুক্তিবীদ ও পেশাজীবিদের হবার সুযোগ হয়না। অনেকেই বলছিল “কিভাবে তারা বাংলাদেশে তাদের অভিজ্ঞতা পৌছে দিতে পারে?” আমি তখন চিন্তা করে দেখলাম বাংলাদেশে এই সমস্ত মানুষদের জ্ঞানকে পৌছাতে হবে। এরা অনেকেরই বাংলায় লিখার অভ্যাস নেই। তখন চিন্তা করলাম কিভাবে এদের জ্ঞানকে পৌছাতে পারা যায়? তখন আমার মাথায় এল সাক্ষাতকার প্রোজেক্ট এর কথা। ভাবলাম ইনার হয়তো লিখতে না পারে, কিন্তু একটা জিনিস ইনারা সবাই পারে তা হল ইনারা সুন্দর করে বাংলায় তাদের অভিজ্ঞতাকে বলতে পারে। টুকটাক কিছু কাজ শুরু করলাম। বাসায় একটি স্টুডিও বানিয়ে নিলাম। পেশাগত কারণে অনেক সময়ই ভ্রমণ করতে হয়। কোথায় ভ্রমনে যেয়ে পেশাজীবিদের একটি সাক্ষাতকার নিয়ে নিতাম। এই ভাবেই শুরু হল বিজ্ঞানীর পদক্ষেপ…’’
বিজ্ঞানী.org টিম
বিজ্ঞানী.org -এর সাথে কাজ করছেন বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখার সফল কিছু মানুষ। এর প্রতিষ্ঠাতা প্রবাসী দু’জন বাঙ্গালী বিজ্ঞানী ড. মশিউর রহমান এবং ড. শফিউল ইসলাম। ড. মশিউর রহমান রহমান জাপান থেকে তড়িৎ কৌশল থেকে স্নাতক ডিগ্রী অর্জনের পর সেখান থেকেই পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মার্শাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান সময়ের আলোচিত প্রযুক্তি ন্যানটেকনোলজি নিয়ে গবেষণা করছেন। পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ড. শফিউল ইসলাম যুক্তরাজ্য থেকে টেক্সটাইল বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। স্পাইডার সিল্ক প্রযুক্তির উদ্ভাবক ড. শফিউল কানাডার TexTek Solutions এর পরিচালক এবং Institute of Textile Science এর প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁর অনেক গবেষণাপত্র, বই ও প্যাটেন্ট প্রকাশ পেয়েছে। বিজ্ঞানী.org এর এই মহৎ উদ্যোগের সাথে এখন আরোও অনেকেই কাজ করেছেন। যেমনঃ যুক্তরাষ্ট্র প্রবাসী ড.ফাহমিদা হোসেন, ডা.সপ্তার্সি মন্ডল , অস্ট্রেলিয়ায় পিএইচডিরত প্রকৌশলী আলমগীর মোহাম্মদ, পরিবেশ প্রকৌশলী ড. মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান সহ দেশ বিদেশের আরোও অনেক বাঙ্গালী বিজ্ঞানী এবং গবেষক। যে কোন কাজে সাফল্যের জন্য অভিজ্ঞ লোকেদের পাশাপাশি প্রয়োজন নবীনদের আন্তরিক প্রচেষ্টা। বিজ্ঞানী.org এই নীতিতে বিশ্বাসী । তাই বিজ্ঞানী.org সবসময়ই নবীনদের স্বাগতম জানায় এবং তাদের বিজ্ঞানি ও প্রযুক্তি বিষয়ক লেখা প্রকাশ করতে উৎসাহিত করে । এই কথারই বাস্তব প্রতিফলন পাওয়া গেলো বিজ্ঞানী.org টিমের প্রদায়ক তালিকায়। বিজ্ঞানী ও গবেষকদের পাশাপাশি এ তালিকায় রয়েছেন বেশ কয়েকজন তরুন।
বিজ্ঞানী.org কি বানিজ্যিক?
প্রযুক্তির সাথে বানিজ্যেক একটি নিবিড় সম্পর্ক আছে। তাই অনেকের মনেই প্রশ্ন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে বিজ্ঞানী.org –এর কোন বানিজ্যিক উদ্দেশ্য আছে কিনা। এর উত্তর হলো ‘না’, বিজ্ঞানী.org কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয়। বিজ্ঞানী.org পুরোপুরি একটি অলাভজনক সংগঠন। মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার টানেই নিজ নিজ ক্ষেত্রে সফল কিছু মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সংগঠনটিকে গড়ে তুলেছেন। তবে বানিজ্যিক উদ্দেশ্য না থাকলেও বিজ্ঞানী.org টিমের সদস্যরা স্বপ্ন দেখেন এর মধ্যে থেকেই একদিন বেরিয়ে আসবে নতুন কোন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর কোন বানিজ্যিক আইডিয়া যার মাধ্যমে এ দেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। এক্ষেত্রে তারা শান্তিতে নোবেলবিজয়ী ড. ইউনূসের social business enterprise network এর তত্বটিকে কাজে লাগাতে চান। তবে সেক্ষেত্রে তারা কতটুকু সফল হতে পারবেন তা সময়ই বলে দেবে। বর্তমানে সাইটটির ডোমেইন রেজিস্ট্রেশন সহ যাবতীয় খরচ গুগলের বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। সব খরচের পর অতিরিক্ত টাকা দিয়ে তারা বাংলাদেশের গ্রামাঞ্চলে অবহেলিত মানুষের কাছে কম্পিউটার পৌছে দেয়ার কথা জানিয়েছেন।
সাইটম্যাপ
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইটের সংখ্যা খুব কম। অল্প যে কয়েকটি আছে তার বেশির ভাগই তথ্যপ্রযুক্তি ভিত্তিক। বিজ্ঞানী.org এ দিক থেকে ব্যাতিক্রম। কারন বিজ্ঞানী.org এ বিজ্ঞান ও প্রযুক্তির প্রায় সব শাখাকেই প্রাধাণ্য দেয়া হয়েছে। ফলে আপনি প্রযুক্তির যেকোন শাখারই হোন না কেন কিছু না কিছু পাবেন এখানে। এখানে তথ্যপ্রযুক্তির পাশাপাশি রয়েছে পদার্থ, রসায়ন,গণিত, চিকিৎসাবিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স সহ আরোও কয়েকটি বিভাগ। এছাড়াও ছোটদের জন্য রয়েছে ‘ছোটদের জন্য বিজ্ঞান’ নামের একটি বিভাগ। এছাড়া সায়েন্স ফিকশন নামেও একটি বিভাগ আছে যা সব বয়সী পাঠকেরই ভালো লাগবে। এই সাইটের ফোরাম অংশে যে কেউ পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন করার সুযোগ যার উত্তর দেবেন বিজ্ঞানী.org টিমের বিশেষজ্ঞরা । এই সাইটে প্রকাশিত সকল প্রবন্ধগুলোকে ভবিষ্যতে বই বা বিজ্ঞান সাময়িকী আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে। বিজ্ঞানী.org সদস্যরা প্রযুক্তি বিষয়ক প্রবন্ধের পাশাপাশি গবেষণাপত্রের উপরেও একটি আর্কাইভ গড়ে তুলছেন, যা আমাদের ভবিষ্যত প্রজন্মের কাজে লাগবে। ইতোমধ্যে এখানে অনেকেই তাদের গবেষণাপত্র জমা দিয়েছেন এবং পাশাপাশি গবেষণাপত্রগুলোকে বাংলায় অনুবাদ করার জন্যও কাজ শুরু হয়েছে।
বিজ্ঞানী.org তৈরিতে ব্যাবহার করা হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম(CSM) জুমলা। এই সাইটে ইউনিকোড প্রযুক্তি ব্যবহার করায় আপনি খুব সহজেই বাংলায় আপানার লেখা প্রকাশ করতে পারবেন। এছাড়া RSS ফিডের সুবিধা থাকায় সাইটে প্রবেশ না করেও গুগল রিডার বা অন্য কোন RSS ফিডারের মাধ্যমে আপনি এই সাইটের লেখা পড়তে পারবেন এবং নতুন কোন লেখা প্রকাশ হলে তা জানতে পারবেন। সাইটটি দেখতে কিছুটা সাধামাটা। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক সিরিয়াস পাঠকদের কথা মাথায় রেখেই যেহেতু সাইটটি তৈরি করা হয়েছে, তাই ততোটা আকর্ষণীয় না হলেও তেমন কিছু যায় আসে না। তবে সব শ্রেণীর পাঠকের কথা মাথায় রেখে হোম পেইজটিকে অন্তত একটু আকর্ষণীয় করতে পারলে মন্দ হতো না।
শেষের কথা
বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক মানুষের কাছে এই সাইটটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এর প্রধাণ কারন সম্ভবত বিজ্ঞান ও প্রযুক্তির সবগুলো শাখাকেই গুরুত্ব দেয়া। আর বড় কথা হলো সবকিছু আছে আমাদের মায়ের ভাষায়। তাই স্বাভাবিকভাবেই পাঠকের ভালোলাগার মাত্রা বেড়ে যায় অনেকগুন। সৈয়দ নাদিম নামের একজন পাঠক সাইটটি দেখে তার উচ্ছাস প্রকাশ করেছেন এভাবে, ‘এক কথায় … চমৎকার । চীনাদের মত আমরা এখন বাংলায় ওয়েবপেইজ করতে পারছি…..ফাট্টাফাটি……চালিয়ে যান…. কত দিন আর বাংলাদেশীদের বিদেশীরা Corner করবে….আমাদেরও সময় আসছে….বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ….. ধন্যবাদ এই মহৎ উদ্যোগের জন্য’। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। আমরা স্বপ্ন দেখি একদিন জাপান, কোরিয়া বা রাশিয়ার মতো আমাদের দেশেও বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রধান মাধ্যম হবে আমাদের মাতৃভাষা। সেরকম কিছু করতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নেয়া প্রয়োজন । আর সেক্ষেত্রে প্রথম কাজটি হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক লেখাগুলোকে বাংলা ভাষায় লেখা যেন সহজেই তা সাধারন মানুষের বোধগম্য হতে পারে। এক্ষেত্রে বিজ্ঞানী.org এর এই উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে। এর সুফল আমরা খুব তাড়াতাড়ি না পেলেও ভবিষ্যতে যে ভালো কিছু অপেক্ষা করছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তাই আমাদের প্রত্যাশা, বিজ্ঞানী.org এগিয়ে চলুক সেই সময়ের সন্ধানে… মায়ের ভাষায়…
ওয়েব সাইটঃ http://biggani.com/
[লেখাটি আমাদের প্রযুক্তি, সচলায়তন, টেকনোলজি টুডে, ইয়াহু ৩৬০ –তে প্রকাশিত]
প্রকাশকালঃ 20 Nov 2007 07:17 pm 0 টি মন্তব্য


