বিজয়ের মঞ্চে…
২০০৫ সালের কথা। সে বার বিজয় দিবসে আমাদের বুয়েটের ব্যাচ‘০২ এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। বুয়েটে এর আগে বিজয় দিবসে কোন ব্যাচের আয়োজনে এরকম অনুষ্ঠান খুব সম্ভবত হয়নি। অনুষ্ঠানের অনুমতি নিতে তানিম, শিহাব, রাজনদের একেবারে যাকে বলে ছেড়েঁ দে মা কেঁদে বাঁচি অবস্থা! বুয়েট কতৃর্পক্ষ তখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং বুয়েটের নিবন্ধিত সংগঠন ছাড়া অন্য কাউকে অনুষ্ঠানের অনুমতি দিতে ভয় পান। যাই হোক অবশেষে ১৩ ডিসেম্বর অনুমতি পাওয়া গেলো।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চলচ্চিত্র প্রদর্শনের কথা আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আর চলচ্চিত্র প্রদর্শনের ফাঁকে কিছুটা সময় অন্য কোন ডকুমেন্টরি ধরনের কিছু দেখানো যায় কিনা জানতে চাইলাম তানিমের কাছে। অবশেষে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক একটি ডকুমেন্টরি টাইপের কিছু তৈরি করার সিদ্ধান্ত হলো। তবে তা মাত্র দশ মিনিটের। আমি, অনি আর তপু দায়িত্ব নিলাম।
১৪ ডিসেম্বর রাতে কাজ শুরু হলো। ছবি স্ক্যান, স্ক্রিপ্ট তৈরি…তখন আবার বিজয়ে টাইপ করি…বাংলা টাইপিং স্পিড রীতিমতো ভয়াবহ! সব মিলে মনে হচ্ছে কাজটা শেষ করা যাবে না। যাই হোক তপু আর অনি স্ক্রিপ্ট তৈরিতে বেশ সাহায্য করলো…আর বন্ধু সুকান্তি আর তমাল ছবি স্ক্যান আর বাংলা টাইপিং এ সাহায্য করলো। ১৫ তারিখ সন্ধ্যার মধ্যে জানাতে হবে কাজের অগ্রগতি। যাই হোক এনিমেশনের কাজ কোনমতে কাজ শেষ করলাম। এখন সাউন্ড যোগ করতে হবে। কথা ছিল কারো কন্ঠ যোগ করা হবে। কিন্তু অল্প সময়ের মাঝে সাউন্ড রেকর্ড আর এডিটিং সম্ভব নয়। হঠাৎ প্রিয় একটি গান মাথায় এলো। প্রিয় শিল্পী মাহমুদুজ্জামান বাবুর ‘প্রিয় মৃত্তিকা …’
যদিও আমরা কোন ব্যবসায়িক স্বার্থে গানটি ব্যবহার করছি না। কিন্তু গানটার কপিরাইট আছে …এভাবে শিল্পীর অনুমতি ছাড়া গান ব্যবহার করা অন্যায়। কিন্তু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ব্যবহার করতেই হলো। সবুজ সাউন্ড ৫ মিনিটের গানকে ১০ মিনিটের বানিয়ে দিল। এমনভাবে পরপর যুক্ত করে দেয়া হলো যে খুব একটা বোঝা যায় না। এরপর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনা যোগ করে দিলাম…
পরদিন বিজয়ের মঞ্চে ডকুমেন্টরিটি দেখানো হয়েছিলো। কিছু বানান ভুল চোখে পড়েছে…
[ স্লাইড শো টি আগ্রহীরা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। ফাইল সাইজ প্রায় ১৭ মেগাবাইট। ফাইলটি extract করতে সমস্যা হলে সহায়ক সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। গানটি কপিরাইটকৃত, তাই কেউ শিল্পীর অনুমতি ছাড়া কোন অনুষ্ঠানে স্লাইড প্রদর্শন না করার অনুরোধ রইলো]
প্রকাশকালঃ 21 Nov 2007 08:14 am 0 টি মন্তব্য


