মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির অহংকারের ইতিহাস। কিন্তু দুঃজনক হলেও সত্য এই ইতিহাসকে বতর্মান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অনলাইনে এককভাবে সমৃদ্ধ ওয়েব সাইটের সংখ্যা একেবারেই হাতে গোনা। অথচ, ইন্টারনেটে এমন একটি সাইটেরই বেশি প্রয়োজন ছিল। কারন, এ প্রজন্মের বেশির ভাগ মানুষ বইয়ের বদলে ইন্টারনেটেই বেশি সময় কাটান। তবে এককভাবে তথ্য সমৃদ্ধ কোন সাইট না থাকলেও বেশ কিছু সাইট আছে যেখানে আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন বিচ্ছিন্নভাবে। বেশির ভাগ ওয়েব সাইটের খবর হয়তো আগেই শুনেছেন, যদি না শুনে থাকেন তবে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ঘুরে আসতে পারেন এসব ওয়েব সাইট।

বাংলাদেশ গণহত্যা আর্কাইভ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং গণহত্যার উপর তৈরি হওয়া সাইটগুলোর মাঝে বাংলাদেশ গণহত্যা আর্কাইভটি তুলনামূলকভাবে অনেক সমৃদ্ধ।এই সাইটে মুক্তিযুদ্ধের ছবি, ভিডিও, মুক্তিযোদ্ধাদের তালিকা, যুদ্ধাপরাধীদের তালিকা, মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত বইয়ের তালিকা, প্রত্যক্ষদর্শীর বিবরণ ছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনের কাটিং। সাইটটির বেশির ভাগ বিষয়বস্তু ইংরেজিতে হলেও বাংলায় প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক লেখাগুলো নিয়েও রয়েছে একটি আলাদা বিভাগ। যে কেউ চাইলে সাইটটি সমৃদ্ধ করতে পারেন। এছাড়াও সাইটটির প্রচারের জন্য আপনি আপনার ব্লগে বিশেষ বাটন ব্যবহার করতে পারেন।

ছবি

ওয়েব সাইটঃ http://www.genocidebangladesh.org

মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিসিয়াল ওয়েব সাইটটি মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্টের উদ্যোগে নির্মিত। এই ওয়েব সাইটে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন অংশের যাবতীয় বর্ননা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত তথ্য ছাড়াও রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, গণহত্যা, বহির্বিশ্বের প্রভাব, শরনার্থী, গণমাধ্যমের ভূমিকা, মুক্তিযুদ্ধে নারীদের অবদান সহ ভিন্ন ভিন্ন বিভাগ।এই বিভাগগুলোতে তথ্যের পাশাপাশি রয়েছে বেশ কিছু দূর্লভ ছবি যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে একদম জীবন্ত করে দেবে পাঠকের চোখের সামনে। মুক্তিযুদ্ধের পাশাপাশি এখানে বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাস নিয়েও আছে চমকপ্রদ সব তথ্য।
ওয়েব সাইটঃ http://www.liberationmuseum.org.bd

মুক্তিযুদ্ধ উইকিয়া
সম্প্রতি জনমানুষের উন্মুক্ত বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়ায় এ ব্যাপারে একটি অসাধারন উদ্যোগ গ্রহন করা হয়েছে। উইকিপিডিয়া বাংলার তিন প্রশাসকের উদ্যোগে যাত্রা শুরু করা উইকি-প্রযুক্তিভিত্তিক এই ওয়েবসাইট প্রকল্পটির নাম মুক্তিযুদ্ধ উইকিয়া। এই সাইটে রয়েছে মুক্তিযুদ্ধের পটভূমি, রাজনীতি, যুদ্ধের বিভিন্ন সংগঠন, মুক্তিযুদ্ধের ঘটনাবলী, বইপত্রে মুক্তিযুদ্ধ নামে আলাদা আলাদা বিভাগ। সাইটতে আপনি লেখা পড়ার পাশাপাশি লেখার মাধ্যমে সাইটটিকে সমৃদ্ধ করতে পারবেন। তাই অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। তাহলে আর দেরি কেন? মুক্তিযুদ্ধকে ফিরে দেখতে ঘুরে আসুন মুক্তিযুদ্ধ উইকিয়া প্রকল্পের ওয়েব সাইট। মুক্তিযুদ্ধ উইকিয়ার পাশাপাশি ইংরেজি উইকিপিডিয়াতেও মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য পাবেন।
মুক্তিযুদ্ধ উইকিয়ার ওয়েব সাইটঃ http://muktijuddho.wikia.com
ইংরেজি উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধঃ http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War

জন্মযুদ্ধ
জন্মযুদ্ধ সাইটটি যারা তৈরি করেছেন তারা মনে করেন একাত্তর কোন গল্প নয়, একাত্তর এক বাস্তব। আর তাই এ প্রজন্মের কেউ যদি বাস্তবে মুক্তিযুদ্ধের চেতনাকে অনুভব করতে চান তাহলে তাকে ঘুরে আসতে হবে জন্মযুদ্ধ ওয়েব সাইট থেকে। দৃষ্টিনন্দন এই সাইটে ছবি, তথ্যচিত্র, সিনেমা, পত্রিকার কাটিং, প্রকাশিত বই, মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের দিনপঞ্জি, যুদ্ধাপরাধীদের তালিকা… কি নেই এই সাইটে? মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা ওয়েব সাইটের সংখ্যা খুব কম। এক্ষেত্রে জন্মযুদ্ধ সাইটটি ব্যাতিক্রম। এই সাইটে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সংযোজন করা হচ্ছে। তাই আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানতে এই সাইটে একবার ক্লিক করতেই হবে।
ওয়েব সাইটঃ http://jonmojuddho.org


ভার্চুয়াল বাংলাদেশ
ভার্চুয়াল বাংলাদেশের ইতিহাস বিভাগে আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য পাবেন। এই সাইটে ছবি, গণহত্যা সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্যের পাশাপাশি পাবেন মুক্তিযুদ্ধের ঘোষনা, সারা বিশ্বের প্রতি তাজউদ্দিন আহমেদের বিবৃতি, আত্মসমর্পনের দলিল সহ বেশ কিছু দূর্লভ দলিল। তাই বলা যায়, এই সাইটটি বেশ তথ্য, ছবি সহ প্রায় সব দিক থেকেই সমৃদ্ধ।
ওয়েব সাইটঃ http://www.virtualbangladesh.com/histor … dence.html

কথন
এই সাইটটি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী সাংস্কৃতিক কর্মীদের সংগঠন ‘কথন’ এর উদ্যোগে নির্মিত। কথন ওয়েব সাইটের গ্যালারিতে রয়েছে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর গণহত্যার বেশ কিছু দূর্লভ ছবি। প্রতিটি ছবির সাথে রয়েছে বিখ্যাত ব্যাক্তিদের উক্তি যা একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। সাইটটিতে শিল্পী গৌতম চক্রবর্তীর মুক্তিযুদ্ধের উপর কিছু পেইন্টিং নিয়ে রয়েছে আলাদা একটি গ্যালারি। এছাড়াও এই সাইটে মুক্তিযুদ্ধের কিছু কবিতার ইংরেজী অনুবাদও পাবেন।
ওয়েব সাইটঃ http://www.kothon.org/gallary.htm

বিডি ৭১
এই সাইটে পূর্ব ও পশ্চিম পাকিস্থানের মধ্যাকার বৈষম্য,মুক্তিযুদ্ধের পটভূমি, গণহত্যা, মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর সম্পর্কে বিভিন্ন তথ্য ছাড়াও রয়েছে কিছু দূর্লভ ছবি। এছাড়াও এই সাইট থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ই-বই এবং গল্পও ডাউনলোড করে নিতে পারেন।
ওয়েব সাইটঃ http://www.bd71.com

তথ্য, ছবি ছাড়াও ইউটিউব সহ বেশ কিছু সাইটে অনুসন্ধান করলে মুক্তিযুদ্ধের উপর দূর্লভ ভিডিওচিত্রও পেয়ে যাবেন। তবে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন ওয়েব সাইট থাকলেও এখন পর্যন্ত যেসব উদ্যোগ গ্রহন করা হয়েছে তা যথেষ্ঠ বলা যায় না কোন ভাবেই। অনেক ওয়েব সাইটে আমাদের সবচেয়ে গৌরবময় এই ইতিহাসকে তুলে ধরা হয়েছে ভারত-পাকিস্থান যুদ্ধ হিসেবে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অনেক কিছুই অজানা থেকে যাবে আর আমরা পরিণত হবো এক আত্মবিস্মৃত জাতিতে।