প্রকাশিত হলো ‘প্রযুক্তি কথন’ এর সফটওয়্যার স্বাধীনতা দিবস সংখ্যা

অন্তর্জালে আমাদের প্রযুক্তি’র পথচলা এক বছর আগে। এই এক বছরে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি আমরা সব সময়ই চেষ্টা করেছি অন্তর্জালে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে উন্মুক্ত সোর্সকে ছড়িয়ে দেয়ার। বিভিন্ন সময়ে উন্মুক্ত সোর্সের পক্ষে ফোরামের সদস্যদের অংশগ্রহনে গঠনমূলক আলোচনার পাশাপাশি আমাদের প্রযুক্তি টিম বেশ কিছু ওয়েব ভিত্তিক উন্মুক্ত ওয়েবওয়্যার প্রকাশ করেছে। এর মাঝে রয়েছে জনপ্রিয় ফোরাম ইঞ্জিন পিএইচপিবিবি’র বাংলা সংষ্করণ সহ বেশ কিছু ওয়েব ভিত্তিক বাংলা কি-বোর্ড, যা অন্যান্য বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েবসাইট খুব সহজেই ব্যবহার করতে পারছে এবং নিজেদের চাহিদা অনুযায়ী ইচ্ছেমতোন পরিমার্জন, পরিবর্ধন করতে পারছে। এরই ধারাবাহিকতায় উন্মুক্ত সফটওয়্যার জনপ্রিয় করার লক্ষ্যে আমাদের প্রযুক্তি এ বছর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সহযোগী হিসেবে সফটওয়্যার স্বাধীনতা দিবস ২০০৮ পালন করছে। সফটওয়্যার স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত হলো প্রযুক্তি কথন- এর প্রথম সংখ্যা। আমাদের প্রযুক্তি ফোরামে বিভিন্ন সময় প্রকাশিত উন্মুক্ত সোর্স ও লিনাক্স বিষয়ক লেখার পাশাপাশি রয়েছে অন্যান্য ওয়েব সাইট ও পত্রিকায় প্রকাশিত কিছু লেখাও। উন্মুক্ত সোর্স সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারনা আছে। এখনও অনেক কম্পিউটার ব্যবহারকারীই মনে করেন উন্মুক্ত সোর্স মানেই বিনামূল্যের কিছু সফটওয়্যার। তাই লেখা বাছাইয়ের ক্ষেত্রে লিনাক্স বিষয়ক টিপস এবং টিউটোরিয়ালের বদলে উন্মুক্ত সোর্স বিষয়ক সচেতনতামূলক লেখাকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি যা উন্মুক্ত সোর্স সম্পর্কে পাঠককে সচেতন করে তোলার পাশাপাশি এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। খুবই অল্প সময়ে প্রকাশ করায় অনিচ্ছা স্বত্ত্বেও বেশ কিছু ভুল-ত্রুটি রয়েছে এই প্রকাশনায় যা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
মুক্ত সংস্কৃতির চেতনা ছড়িয়ে পড়ুক সবখানে। সবাইকে সফটওয়্যার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
-আমাদের প্রযুক্তি টিম
সেপ্টেম্বর ২০, ২০০৮
প্রকাশকালঃ 22 Sep 2008 09:16 am 2 টি মন্তব্য



Salut to your great effort
থ্যাঙ্কু দোস্ত