ব্যর্থ মানুষ…পড়াশুনা ছাড়া জগতের বাকী কাজ আন্তরিকতার সাথে করার চেষ্টা করি। প্রিয় রঙ কালো…একসময় ছিল সাদা। অসামাজিক এবং পুরোদস্তর স্বার্থপর মানুষ, নিজের মতো থাকতে চাই।
বদ অভ্যাসের তালিকা খুব দীর্ঘ। প্রচন্ড কালো কফি খাই…থুক্কু…পান করি। এছাড়া গুরুত্বপূর্ন কাজ ফেলে সময় নষ্ট করার ভয়ংকর রকমের বদঅভ্যাস আছে। সবচেয়ে বড় বদঅভ্যাস হলো হুট করে রেগে যাই…। সাধারনত কথা বেশি বলি, তবে আপাতত কম কথা বলার চেস্টায় আছি।
দাঁতভাঙ্গা সাহিত্যে আগ্রহ কম, সাধাসিধে লেখা পড়তে পছন্দ করি। আগে বই পড়ার অভ্যাস ছিল, এখন অবসরটুকু ইন্টারনেটে নষ্ট করায় সে অভ্যাস কমে গেছে। স্কুলজীবনের শেষদিকে এবং কলেজ জীবনে ছিলাম সমরেশ মজুমদারের ভক্ত। ‘কালবেলা’ এবং ‘গর্ভধারিনী’ দিয়ে সেই ভালো লাগার শুরু…। পাশাপাশি প্রথম আলো, সেই সময় এবং পূর্বপশ্চিম’র কারনে সুনীল গঙ্গোপাধ্যায়, মানবজমিন, দূরবীণ কিংবা পার্থিব এর মাধ্যমে শীর্ষেন্দু’র লেখার প্রতি ভালো লাগা জন্মে…। দেশের লেখকদের মাঝে মুহম্মদ জাফর ইকবাল-কে বিভিন্ন কারনে পছন্দের তালিকায় প্রথমে রাখবো।
গান শুনতে ভালোবাসি। ‘বন্ধু যখন বউ লইয়া…’ টাইপের গান ছাড়া প্রায় কম বেশি সব ধরনের, সব ভাষার গান শুনি…। মেজাজ মর্জির উপর নির্ভর করে পছন্দের তালিকায় আছে মেটাল থেকে রবীন্দ্র সঙ্গীত…
ছবি কৃতজ্ঞতাঃ তপু



